গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান।
ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে গৌরনদী বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুর ৩টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযানের মূল লক্ষ্য ছিল যাত্রীদের সঙ্গে কোনো ধরনের হয়রানি বন্ধ করা, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখা। এ সময় বাস চালক ও সহকারীদের কঠোরভাবে ভাড়ার তালিকা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যাত্রীদের সঙ্গেও কথা বলে তাদের সচেতন করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। তিনি জানান, “ঈদকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানির প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযান চলাকালে ১৩ জন যাত্রীর অভিযোগের ভিত্তিতে একাধিক অনিয়ম ধরা পড়ে। অভিযোগ অনুযায়ী, কিছু বাসচালক ঢাকা থেকে বরিশাল পৌঁছে দেওয়ার কথা থাকলেও যাত্রীদের মাঝপথে গৌরনদী বাসস্ট্যান্ডে নামিয়ে নতুন যাত্রী তুলে গাড়ি পূর্ণ করছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এক চালককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া সড়কের ওপর অবৈধভাবে পার্কিং করায় দুটি গাড়িকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভুক্তভোগী ১৩ জন যাত্রীকে অন্য যানবাহনের মাধ্যমে নিরাপদে বরিশাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
এদিন পেট্রোল পাম্পসহ জ্বালানি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং জ্বালানি মজুদদারি প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে ভুক্তভোগী যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: দিলীপ কান্তি নাথ (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।