সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১১ টায় গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
“গতি, সেবা, ত্যাগ” শ্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, জেলা বিএনপির সদস্য ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মাহফুজ মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগে ফায়ার সার্ভিস কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করে যাচ্ছেন। এ কারণে সাধারণ মানুষের মধ্যেও অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
বক্তারা আরও বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং দুর্যোগ মোকাবিলায় সকলকে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: দিলীপ কান্তি নাথ (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।