সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার পালং মডেল থানা এলাকায় নাজমা বেগম (৩৯) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে র্যাব-৮ (বরিশাল) ও র্যাব-১০ (ঢাকা)। এই চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলায় জড়িত প্রধান আসামী শহিদুল ইসলাম ওরফে রিপন মোল্যা (৪৫)-কে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ২০২৫ তারিখ কোনো এক সময় নাজমা বেগমকে তার ভাড়া বাসায় গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ২২ অক্টোবর নিহতের ভাই বাদী হয়ে পালং মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এই মামলার রহস্য উদঘাটনে র্যাব-৮ ও র্যাব-১০ ছায়া তদন্ত শুরু করে। ২৪ অক্টোবর রাতে যৌথ অভিযানে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে আসামী রিপন মোল্যাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, স্বর্ণের গহনা ও নগদ টাকা লুট করার উদ্দেশ্যে তিনজন মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আসামীর দখল থেকে লুণ্ঠিত নগদ ৭৫০০/- টাকা এবং একজোড়া হাতের বালা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পালং মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: মাহমুদুল হাসান মুহিব । সম্পাদক: দিলীপ কান্তি নাথ (ভারপ্রাপ্ত) । বার্তা সম্পাদক: সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।