
গঙ্গাচড়া রংপুর প্রতিনিধিঃ- রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কয়েকদিনব্যাপী শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে ৫০০টি কম্বল বিতরণ করা হয়েছে। গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্যের সহায়তায় এবং গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিন খোঁজখবর নিয়ে প্রকৃত শীতার্ত ও অসহায় পরিবারগুলোকে চিহ্নিত করা হয়। বিশেষ করে মঙ্গাকবলিত ও দরিদ্র অধ্যুষিত এলাকাগুলোতে সীমিত সম্পদের মধ্যেই এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়, যাতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত মানুষগুলো সহায়তার আওতায় আসে।কয়েকদিন ধরে চলা এ কার্যক্রমে দিনমজুর, নিম্নআয়ের পরিবার, বয়স্ক, নারী ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। তীব্র শীতে যাদের জীবনযাত্রা সবচেয়ে বেশি দুর্বিষহ হয়ে উঠেছে, তাদের অগ্রাধিকার দেওয়া হয়।
গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব কমল কান্ত রায় বলেন, প্রকৃত শীতার্তদের খুঁজে বের করে সহায়তা পৌঁছে দেওয়াই ছিল আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে।
কম্বল বিতরণকালে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল আলীম প্রামানিক বলেন, শীত মৌসুমে মঙ্গাকবলিত এলাকার মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব এ ধরনের মানবিক উদ্যোগ নিয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।এ সময় গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রচণ্ড শীতে এই সহায়তা তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

