
নিউজ ডেস্কঃ- মাদারীপুরের কালকিনি উপজেলায় রমজানপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের সদস্যদের ওপর হামলা,মারধর ও অর্থ ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ চর আইচাকান্দি গ্রামের বাসিন্দা মো. হানিফ বেপারী।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২০ জুন সকালে পূর্ব পরিকল্পিতভাবে কয়েকজন অভিযুক্ত তার ছোট ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করে আহত করা হয়। পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধরের শিকার হতে হয় বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া অভিযোগে আরও বলা হয়, ২৬ জুন সকালে তার ছেলে রাস্তায় যাওয়ার সময় পুনরায় হামলার শিকার হয়। হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি তার ব্যবহৃত ভ্যান গাড়ি ভাঙচুর করে প্রায় ৭২ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

