
নিউজ ডেস্কঃ- আজ ৫ মে। ২০১৩ সালের এই দিনে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় সংঘটিত ঘটনাকে ‘ভয়াল ও বেদনাবিধুর’ হিসেবে উল্লেখ করে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ২০১৩ সালের এই দিনে একটি শান্তিপূর্ণ গণআন্দোলন দমন-পীড়নের শিকার হয় এবং অসংখ্য নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর এলাকা। এ ঘটনার স্মৃতি এখনও জাতির হৃদয়ে বেদনাদায়ক হয়ে রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সেই দিনের ঘটনা ভুলে যাওয়ার নয়; বরং তা জাতিকে দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মামুনুল হক বলেন, ওই দিন তিনি গাবতলী পয়েন্টে দায়িত্বে ছিলেন এবং পরে শাপলা চত্বরে জমায়েতের ঘোষণায় মিছিল নিয়ে সেখানে যোগ দেন। বিভিন্ন স্থান থেকে আসা মানুষের ঢল একত্রিত হয়ে বিশাল সমাবেশে রূপ নেয় বলে তিনি উল্লেখ করেন।
তার বক্তব্যে উঠে আসে, রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটে এবং বহু মানুষ হতাহত হন। তিনি দাবি করেন, ওই রাতের ঘটনা ছিল অত্যন্ত মর্মান্তিক এবং তা দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে।
শেষে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, শাপলা চত্বরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় না আনা পর্যন্ত ন্যায়বিচারের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে

