
বিকাশ বিশ্বাস মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সাংবাদিক শ্রীবাস সরকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শ্রীবাস সরকার সকালের খবর ও আনন্দবাজার পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি এবং মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার আদাউর ইউনিয়নের ধলিগোপাটপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে তিনি অনুসন্ধানী সাংবাদিকতার সঙ্গে জড়িত রয়েছেন। সন্ধ্যায় ওই এলাকায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
আহত সাংবাদিকের পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।
সাংবাদিকের স্ত্রী লিপি সরকার বলেন, “আমরা বিষয়টি থানায় মৌখিকভাবে জানিয়েছি। আমার স্বামী ও আমাদের পরিবারের নিরাপত্তা চাই। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক নারায়ণ সরকার নয়ন বলেন, “এভাবে বারবার সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে। দ্রুত দোষীদের আইনের আওতায় না আনলে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আরও বেড়ে যাবে।”
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ খান বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

