
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে এক সংবাদকর্মীকে সংঘবদ্ধভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৩নং বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মো. সোহাগ মিয়া এবং মনতলা এলাকার মো. আরাফাতসহ তাদের সহযোগীরা ওই সাংবাদিকের ফেসবুক কমেন্ট বক্স ও ব্যক্তিগত ইনবক্সে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেন এবং সরাসরি ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। এতে ভুক্তভোগী সাংবাদিক বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক সংবাদকর্মী সাংবাদিকদের বেতন ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। এর জেরে সোহাগ মিয়া তার ব্যক্তিগত আইডি থেকে সাংবাদিকদের পেশাগত যোগ্যতা নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করে পাল্টা পোস্ট দেন।
পরবর্তীতে ওই সাংবাদিক তার ব্যক্তিগত একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করলে সোহাগ মিয়া সেটিকে নিজের প্রতি ইঙ্গিত মনে করে উত্তেজিত হয়ে পড়েন। এরপর সোহাগ ও তার সহযোগীরা মিলে সাংবাদিকের পোস্টের কমেন্ট বক্সে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন।
এ সময় সোহাগের বন্ধু আরাফাত প্রকাশ্যে হুমকি দিয়ে লেখেন—
“বাড়িতে আসিস, তোর সবকিছু রাখা হয়েছে। তোর কোনো হেডাম থাকলে পিটা থেকে বাঁচিস।”
এছাড়া, ভুক্তভোগী সাংবাদিক বিষয়টি শান্ত করার উদ্দেশ্যে সোহাগ মিয়ার ইনবক্সে যোগাযোগ করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং লেখেন—
“মনতলা বাজারে পেলি খবর আছে।”
এক পর্যায়ে সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে বলেন—
“পারলে আমার হাত থেকে বাঁচিস।”
ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি বিনয়ের সাথে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

