
সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল:- বরিশালের গৌরনদী উপজেলার সিনিয়র সাংবাদিক ও গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হকের জ্যেষ্ঠ পুত্র নেয়ামুল হকের কবর জিয়ারত করেছেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু।
রবিবার (২৬ জুলাই) তিনি নিহত নেয়ামুল হকের কবর জিয়ারত করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরে সাংবাদিক সৈয়দ নকিবুল হকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। পাশাপাশি পরিবারের প্রতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাজধানী ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নেয়ামুল হক। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

