
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ- হবিগঞ্জের মাধবপুর-চুনারুঘাট সীমান্তবর্তী সাতছড়ি জাতীয় উদ্যান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের আবাসস্থল। উদ্যানের ভেতর ও পাশ দিয়ে চলা মহাসড়ক অতিক্রম করতে গিয়ে প্রতিনিয়ত বানর, হনুমান, উল্লুকসহ বিভিন্ন বন্যপ্রাণী দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে। অতীতে সড়ক পারাপারের সময় বিভিন্ন প্রাণীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।
বন্যপ্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে মহাসড়কের ওপর কয়েকটি রোপওয়ে বা ক্যানোপি করিডোর নির্মাণ অত্যন্ত প্রয়োজন। এসব করিডোরের মাধ্যমে গাছে বসবাসকারী প্রাণীরা সড়কে না নেমেই এক পাশ থেকে অন্য পাশে নিরাপদে চলাচল করতে পারবে।
বিশ্বের বিভিন্ন দেশে এবং বাংলাদেশের কিছু সংরক্ষিত বনাঞ্চলেও এ ধরনের ব্যবস্থা ইতিবাচক ফল দিয়েছে।
প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি—সাতছড়ি জাতীয় উদ্যানের গুরুত্বপূর্ণ অংশগুলোতে দ্রুত প্রয়োজনীয় রোপওয়ে (ক্যানোপি) করিডোর নির্মাণ করা হোক। এতে বন্যপ্রাণীর জীবন রক্ষা পাবে, জীববৈচিত্র্য সংরক্ষিত হবে এবং মানুষ ও প্রকৃতির সহাবস্থান আরও নিরাপদ হবে।

