
নিউজ ডেস্কঃ- বরিশালের গৌরনদীতে দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সাংবাদিক সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল। শুক্রবার (২৯ মে) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে গৌরনদী বন্দর নতুন ব্রিজ এ দুর্ঘটনা ঘটে।
আহত সাংবাদিক জানান, তিনি একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে গৌরনদী বন্দর এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। নতুন ব্রিজের উপর থেকে ঢালে নামার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকারকে সাইড দিতে গেলে রাস্তার উপর ছড়িয়ে থাকা পাথরের উপর মোটরসাইকেলের চাকা স্লিপ করে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়েন এবং হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর তিনি সহকর্মী সিফাত হোসেনকে ফোন দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান,নতুন ব্রিজ এ সড়কের উপর নির্মাণ সামগ্রী ও পাথর পড়ে থাকায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। দ্রুত এসব অপসারণ এবং সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আহত সাংবাদিকের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

