
মোঃ মোচ্ছাবির বিল্লাহ, মাধবপুর উপজেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে মামুন আহমেদ রিমন (২০), পিতা—সমসু মিয়া, ছাতিয়াইন, মাধবপুরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই অভিযানে আলমগীর, পিতা—ফিরোজ মিয়া, নেত্রকোনাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়। এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও মাধবপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন, “অবৈধ বালু উত্তোলন শুধু সরকারের সম্পদকে ক্ষতিগ্রস্ত করে না, এটি পরিবেশের ভারসাম্যকেও ঝুঁকির মধ্যে ফেলে। পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রায়ও নেতিবাচক প্রভাব পড়ে।”
তিনি আরও বলেন, “জনস্বার্থ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। স্থানীয় জনগণকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি প্রশাসনের উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানাই। এ অভিযান শুধু শাস্তি প্রদানের জন্য নয়, অবৈধ বালু উত্তোলনকারীদের জন্য একটি সতর্কবার্তাও।”

