
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা প্রশাসনের এক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, তার শিশু সন্তান ও বৃদ্ধ মাকে ঘরে আটকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ওই সরকারি কর্মচারীর গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার দ্বিমাগুরুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করেন। আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন জুনু আক্তার অভিযোগ করে বলেন, চুনারুঘাট পৌর শহরের ‘মা স্যানিটারি সাপ্লাই’-এর মালিক তার স্বামীসহ তিন ভাই। পারিবারিক সম্পত্তি স্বামীর বড় ভাই এককভাবে নিজের নামে নেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার সকালে তার ভাসুর সেলিম মিয়া, রুবি আক্তার, সাদিয়া আক্তার, সুমাইয়া আক্তার ও সাদিকা আক্তার তাকে, তার শিশু সন্তান সামিয়া আক্তার এবং বৃদ্ধ মাকে ঘরে আটকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
জুনু আক্তার আরও অভিযোগ করেন, মারধরের একপর্যায়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তিনি জানান, চিকিৎসা শেষে এ ঘটনায় থানায় মামলা করবেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

