
সোহাগ কাজী,মাদারীপুর প্রতিনিধিঃ নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলো বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সৈয়দ নাইম রহমানকে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর শহরের পুরাণ বাজার এলাকার ‘রয়েল রেস্ট হাউস’ নামে একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়।
এই উদ্ধার অভিযানে মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার, সদর মডেল থানা পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, সৈয়দ নাইম রহমান রোববার সকালে অফিসে যোগ দেন। কিন্তু দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে তিনি বেরিয়ে যান। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজ হওয়ার পর তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার রাজধানী ঢাকার মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
ডিএমপি এই জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মাদারীপুরে তার অবস্থান শনাক্ত করে।
আবাসিক হোটেল ‘রয়েল রেস্ট হাউস’ কর্তৃপক্ষ জানায়, রোববার তিনি হোটেলে ওঠেন।
হোটেলে ওঠার সময় তিনি জানান যে তার একটি চাকরির পরীক্ষা আছে এবং তিনি দুই থেকে তিন দিন হোটেলে থাকবেন।
নাইম আগাম ভাড়াও পরিশোধ করেছিলেন।
হোটেলের রেজিস্টারে তিনি তার ঠিকানা হিসেবে রাজধানীর মিরপুরের পল্লবী এবং বাবার নাম সৈয়দ মোস্তাফিজুল রহমান উল্লেখ করেন।
তার নিখোঁজ হওয়া নিয়ে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল। মঙ্গলবার রাতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোটেল থেকে তাকে উদ্ধার করে পুলিশী হেফাজতে নিয়ে যায়।
মাদারীপুর সদর মডেল থানা পুলিশ সূত্র জানিয়েছে, আইনী প্রক্রিয়া শেষে বুধবার বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সৈয়দ নাইম রহমানকে রাজধানী ঢাকার মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

